Description
আবরার শেখ— দেশের সুনামধন্য ও খ্যাতনামা এক গায়কের বিত্তবান পরিবারের একমাত্র সন্তান। নিজের গানের ব্যান্ড ‘ঐকতান’-কে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়াই তার জীবনের প্রধান লক্ষ্য। আবরারের প্রেয়সী অতসী এবং বাল্যবেলার সবচেয়ে কাছের বন্ধু অনিক— দুজনেই জীবনসংগ্রামের টানাপোড়েনে বাস্তবতার কঠিন বেড়াজালে আবদ্ধ মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ মানুষ। তাদের জীবনযাপন, চাওয়া-পাওয়া এবং অন্তর্জগতের পরিস্থিতিগত মিল থেকেই তাদের মাঝে তৈরি হয় এক গভীর পারস্পরিক বোঝাপড়া। আর সেই বোঝাপড়াই তাদের সম্পর্ককে করে তোলে আরও স্বতঃস্ফূর্ত ও ঘনিষ্ঠ।
স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন এবং সুবিশাল হৃদয়ের অধিকারী হওয়া সত্ত্বেও আবরারের দায়িত্বহীন, পরনির্ভরশীল, অবোধ স্বভাব এবং বাস্তবতা থেকে এক ধরনের গা-ছাড়া দূরত্ব তাকে একসময় এমন এক পরিণতির দিকে ঠেলে দেয়, যেখানে তাকে জীবনের সকল সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়তে হয়। আবরারের এই চরম পতন শুধু তার নিজের জীবনকেই বিপর্যস্ত করে না; এর অভিঘাতে এলোমেলো হয়ে যায় অনিক, অতসী এবং তাদের ঘিরে থাকা প্রতিটি জীবনের স্বাভাবিক গতিপথ।
এই জটিলতার মধ্যেই নীরবে উপস্থিত থাকে আবরারের মামাতো বোন ও অতি কাছের বন্ধু সুরভী। সরাসরি সম্পৃক্ত না থেকেও সে হয়ে ওঠে তাদের জীবনের এক নীরব পথপ্রদর্শক। সুরভীর আদর্শবান চরিত্র, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, প্রখর মননশীলতা এবং স্বকীয় ব্যক্তিত্ব তাদের প্রত্যেকের জীবন, সম্পর্ক এবং ব্যক্তিগত সিদ্ধান্তকে সূক্ষ্মভাবে প্রভাবিত করতে থাকে।
আবরার, অতসী এবং অনিকের জীবনের এই জটিল জটলা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়— তা নিয়েই লেখা এক জীবনমুখী উপন্যাস ‘রজনীগন্ধার প্রত্যাবর্তন’।

Reviews
There are no reviews yet.